google-site-verification=0gYvQ-GEf6xx7n9m8L4kBORRnazBWwqZSSilspQTR5w
ঢাকা | বঙ্গাব্দ

আগামীকালের মধ্যে দুর্গম ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসি'র

  • নিউজ প্রকাশের তারিখ : Oct 22, 2025 ইং
আগামীকালের মধ্যে দুর্গম ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসি'র ছবির ক্যাপশন: আগামীকালের মধ্যে দুর্গম ভোটকেন্দ্রের তালিকা পাঠানোর নির্দেশ ইসি'র
ad728

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন (ইসি) খসড়া ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ করেছে। এবার ইসি মাঠ পর্যায়ের কর্মকর্তাদের দুর্গম ভোটকেন্দ্র চিহ্নিত করে আগামী বৃহস্পতিবার (২৩ অক্টোবর) এর মধ্যে সচিবালয়ে প্রতিবেদন পাঠানোর নির্দেশ দিয়েছে।

ইসির মাসিক সমন্বয় সভায় এ নির্দেশনা দেওয়া হয়। ইসির এক কর্মকর্তা জানান, খসড়া ভোটার তালিকা ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। এখন যেসব কেন্দ্রের যাতায়াত ব্যবস্থা দুর্বল—যেমন রাস্তা ভাঙা, সংকীর্ণ বা যানবাহন চলাচলে অসুবিধা—সেসব কেন্দ্রকে ‘দুর্গম’ হিসেবে আলাদা তালিকাভুক্ত করতে বলা হয়েছে।

তিনি আরও জানান, নির্দেশনা ইতোমধ্যে মাঠ পর্যায়ে পৌঁছে গেছে এবং বৃহস্পতিবারের মধ্যে তথ্যগুলো ইসি সচিবালয়ে পাঠানো হবে।

চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা কেন প্রকাশ করা হয়নি—এ প্রশ্নে ইসির কর্মকর্তা বলেন, ২০ অক্টোবর মাঠ পর্যায়ে অঞ্চলভিত্তিক চূড়ান্ত কেন্দ্রের তালিকা প্রকাশ করা হয়েছে, তবে কেন্দ্রীয় তালিকা এখনো প্রকাশের অপেক্ষায় রয়েছে। খুব শিগগিরই এটি প্রকাশ করা হবে।

ইসি সচিব আখতার আহমেদ জানান, খসড়া তালিকা অনুযায়ী সম্ভাব্য ভোটকেন্দ্রের সংখ্যা ৪২ হাজার ৬১৮টি। বর্তমান ১২ কোটি ৬১ লাখ ৬১ হাজার ২০১ জন ভোটারকে ভিত্তি ধরে প্রতি তিন হাজার ভোটারের জন্য একটি কেন্দ্র নির্ধারণ করা হয়েছে।

তিনি আরও বলেন, পুরুষদের জন্য প্রতি ৬০০ ভোটারে একটি কক্ষ এবং নারীদের জন্য প্রতি ৫০০ ভোটারে একটি কক্ষ ধরে মোট ভোটকক্ষের সংখ্যা দাঁড়াচ্ছে ২ লাখ ৪৪ হাজার ৪৬টি। চূড়ান্ত তালিকা প্রকাশের পর এই সংখ্যা কিছুটা কমতে বা বাড়তে পারে।

ইসির তথ্যমতে, দেশের ২৩টি জেলা ও ৭৪টি উপজেলা দুর্গম এলাকা হিসেবে চিহ্নিত করা হয়েছে। দুর্গম জেলার মধ্যে রয়েছে ভোলা, বরগুনা, বাগেরহাট, খুলনা, নোয়াখালী, চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, বরিশাল, সিরাজগঞ্জ, নেত্রকোনা, পটুয়াখালী, সাতক্ষীরা, পিরোজপুর, কুমিল্লা, কুড়িগ্রাম, মানিকগঞ্জ, মাদারীপুর, খাগড়াছড়ি, বান্দরবান ও রাঙ্গামাটি।

উপজেলাগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো চরফ্যাশন, মনপুরা, বেতাগী, পাথরঘাটা, বামনা, রামপাল, মোড়লগঞ্জ, শরণখোলা, বটিয়াঘাটা, পাইকগাছা, দাকোপ, কয়রা, হাতিয়া, সন্দ্বীপ, মহেশখালী, কুতুবদিয়া, বানিয়াচং, আজমেরীগঞ্জ, লাখাই, দোয়ারাবাজার, ধর্মপাশা, শাল্লা, জামালগঞ্জ, দিরাই, বিশ্বম্ভরপুর, তাহিরপুর, ইটনা, মিঠামইন, অষ্টগ্রাম, হিজলা, মূলাদী, মেহেন্দিগঞ্জ, চৌহালী, কলমাকান্দা, দুর্গাপুর, খালিয়াজুরী, গলাচিপা, কলাপাড়া, রাঙ্গাবালী, দশমিনা, আশাশুনি, শ্যামনগর, কাউখালী, মেঘনা, রৌমারী, রাজিবপুর, হরিরামপুর, শিবচর, পানছড়ি, মহালছড়ি, মানিকছড়ি, মাটিরাঙ্গা, রামগড়, গুইমারা, লক্ষীছড়ি, খাগড়াছড়ি সদর, দিঘীনালা, থানছি, রোয়াংছড়ি, আলীকদম, নাইক্ষ্যংছড়ি, বান্দরবান সদর, রুমা, লামা, নানিয়ারচর, বরকল, বাঘাইছড়ি, রাঙ্গামাটি সদর, রাজস্থলী, লংগদু, কাউখালী, কাপ্তাই, জুরাছড়ি ও বিলাইছড়ি।


নিউজটি পোস্ট করেছেন : Jatio Khobor

কমেন্ট বক্স
সর্বশেষ সংবাদ
কেরানীগঞ্জে শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্

কেরানীগঞ্জে শিক্ষিকার ফ্ল্যাট থেকে নিখোঁজ ছাত্রী ও মায়ের অর্